
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে পছন্দসই কোর্স করে দক্ষ হয়েছেন শিক্ষার্থীরা। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে কেউ চাকরি শুরু করেছেন, কেউ খুঁজছেন। আবার অনেকে গুছিয়ে নিয়েছেন বড় উদ্যোক্তা হওয়ার রসদ। কিন্তু অর্জিত দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগানো, নিজের পরিচিতি তৈরি করা এবং পেশাগতভাবে সফল হওয়ার জন্য প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি ও দিকনির্দেশনা। সেই লক্ষ্যেই রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ‘আস-সুন্নাহ ক্যারিয়ার সামিট-২০২৬’।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মিলনায়তনে দিনব্যাপী আয়োজনে অংশ নেন আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের বিভিন্ন কোর্সের বর্তমান শিক্ষার্থী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যালামনাই এবং প্রশিক্ষকেরা। তাদের অংশগ্রহণে সামিটটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
সামিটজুড়ে ছিল নানা বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ। মার্কেটিং ও উদ্ভাবন, সেলফ-ব্র্যান্ডিং ও ডিজিটাল উপস্থিতি, ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন, পেশাগত ক্যারিয়ার প্রস্তুতি এবং ইন্টারভিউ কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের অভিজ্ঞ পেশাজীবী, উদ্যোক্তা ও করপোরেট বিশেষজ্ঞরা প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন। সেশন পরিচালনা করেন এএসআইএক্স (ASIX)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল, লাইফ ও বিজনেস কোচ জাভেদ পারভেজ, স্টারকম বাংলাদেশ (Starcom Bangladesh)-এর গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ সারওয়ার বিন আনিস, টু সেন্টস পডকাস্ট (2 Cents Podcast)-এর নাফিস সালিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানটির গুরুত্ব তুলে ধরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমাদ বলেন, “আমাদের অধিকাংশ শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে উঠে আসা। তাদের অনেকেরই এ ধরনের মানসম্পন্ন প্রফেশনাল সেশন ও অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শেখার সুযোগ খুবই সীমিত। আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের যে দক্ষতা অর্জনের সুযোগ করে দিচ্ছি, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সেই দক্ষতাকে আরও সময়োপযোগী ও বাস্তবমুখী করে তুলতে চাই।”
প্রশিক্ষণই যেন তার সামনে সাফল্যের নতুন নতুন দুয়ার খুলে দেয়—এ বিষয়টিও উঠে আসে আলোচনায়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের যোগাযোগ ও উন্নয়ন বিভাগের প্রধান ফারিদ উদ্দিন খান বলেন, “আমরা চাই, একজন শিক্ষার্থী শুধু একটি কোর্স শেষ করেই থেমে না থাকুক, বরং তার জন্য একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক, মেন্টরশিপ এবং পরবর্তী পর্যায়ের শেখার সুযোগ তৈরি হোক। আজকের সামিট সেই ধারাবাহিকতারই একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
উল্লেখ্য, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ২০২৪ সালে প্রায় ১৩ কোটি টাকা বিনিয়োগ করে ২ হাজার ১৭৯ জনকে প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণপ্রাপ্তরা পরবর্তী এক বছরে, অর্থাৎ ২০২৫ সালে, সম্মিলিতভাবে প্রায় ৪২ কোটি টাকা আয় করেছেন। প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান, আর কর্মসংস্থান থেকে আয়ের পথ তৈরির এই সাফল্য এই খাতের অর্জন হিসেবে যেমন উল্লেখযোগ্য, তেমনই গর্বেরও বটে।